ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে কক্সবাজার এর উদ্দেশ্যে গমন করা একটি জাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে এম ভি গ্রীনলাইন নামক একটি জাহাজ থেকে ৭২ জন যাত্রীকে যৌথ বাহিনী ও কোস্টগার্ড সম্মিলিত উদ্ধার অভিযান পরিচালনা সহ চিকিৎসা সেবা প্রদান করে কোষ্টগার্ড।
গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকালে যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি টেকনাফের বাহাড়ছড়ার কচ্ছপিয়া নামক স্থানে চরে আটকে যায়, এমন তথ্য নিশ্চিত করেছেন কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মোঃ সিয়াম উল হক।
তিনি এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, গতকাল ২৬ ডিসেম্বর পর্যটকবাহী জাহাজ “এম ভি গ্রিন লাইন” সেন্টমার্টিন হতে ৭২ জন পর্যটক নিয়ে কক্সবাজার এর উদ্দেশ্যে গমন করে। উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জেনারেটর বন্ধ হয়ে যায়। এমতাবস্থায়, জাহাজটি টেকনাফের বাহাড়ছড়ার কচ্ছপিয়া নামক স্থানে চরে আটকে পড়ে।
এদিকে সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্ট গার্ড আউটপোস্ট বাহাড়ছড়া এবং স্টেশন টেকনাফের দুইটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সাথে সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তিনি আরো বলেন, পরে রাত ১০ টার মধ্যে যৌথ বাহিনী উক্ত জাহাজ হতে সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় কোস্টগার্ড উদ্ধারকারী দল আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে।