নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি : আন্ত:ক্যাডার বৈষম্য নিরসণের দাবিতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের বিসিএস শিক্ষকগণ উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি,ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছি, এবং দেশকে মুক্ত করেছি। তাই আমরা আর কোন বৈষম্যের শিকার হতে চাই না। ব্রিটিশ আমল থেকেই শিক্ষা ক্যাডার, ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এখন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রকাশিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার কে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ করা হয়েছে। যা আমাদের উপর বৈষম্য করা ছাড়া আর কিছুই নয়। আমরা এই বৈষম্যের শিকার হতে চাই না। আমরা আমাদের অধিকার চাই।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে উপাধাক্ষ মোঃ শাহাবুদ্দিন সিকদার, সহকারী অধ্যাপক মোঃ শাহিন রেজা, মোহাম্মদ ইলিয়াস বেপারীসহ আরো অনেকে।