আজকালের কন্ঠ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘ঐক্যবিহীন সংস্কার অথবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়’’ এবং এ দুইটি প্রক্রিয়া একসঙ্গে চলবে। তিনি এসব কথা বলেছেন শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’’ শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায়।
ড. ইউনূস বলেন, ‘‘নির্বাচনের দায়িত্ব কমিশনের, তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কোনো ভূমিকা নেই। তবে তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবে এবং তা নিশ্চিত করতে কাজ করবে।’’
ড. ইউনূস সংস্কারের মহাযজ্ঞে সবাইকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘‘গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরে পেছনে ফেরার সুযোগ নেই।’’ তিনি আরও বলেন, ‘‘ফ্যাসিবাদ বাংলাদেশকে সব ধরনের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল, তবে আমরা আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করব।’’