চট্টগ্রাম ব্যুরো : দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক নারী যাত্রীর সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় ১ হাজার কোটি টাকা দামের উড়োজাহাজটিও আটক দেখানো হয়েছে। বৃহস্পতিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালানের স্বর্ণ পরিবহন করায় উড়োজাহাজটিও অভিযুক্ত। তাই স্বর্ণের বারগুলো আটকের পাশাপাশি ফ্লাইট নম্বর বিজি১৪৮ (বোয়িং ৭৭৭-ইআর, রেজি নম্বর এস২-এএফকিউ) উড়োজাহাজটিকেও কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী আটক করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইটে স্বর্ণের বার উদ্ধারের পর প্লেনটি ১০টা ৫২ মিনিটে ঢাকা চলে গেছে।, বাস্তবে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিমানবন্দরে আটক রাখার সুযোগ নেই। তদন্তের সুবিধার্থে উড়োজাহাজটি আটক দেখানো হয়েছে।