Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৫, ২০২৪ , ১১:১৯ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক কমিটিতে বড় দায়িত্ব পেলেন সারজিস

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হয়েছেন সারজিস আলম। সোমবার (০৯) সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন। এর আগে গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল।

জাতীয় নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে অভ্যুত্থানের নেতাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হওয়া সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন সারজিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।

প্রিন্ট করুন