Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২০, ২০২৪ , ১০:৩০ পূর্বাহ্ণ

সাদপন্থিদের মুখপাত্র মোয়াজ বিন নূর গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি : বিশ্ব ইজতেমার ৪২ দিন আগেই জোড় ইজতেমা নিয়ে বিরোধের জেরে তিনজন নিহতের ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি রয়েছে শত শত। এর মধ্যে সাদপন্থিদের মুখপাত্র মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নূরকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

মামলার বাদী শুরায়ে নেজামের (জুবায়রপন্থি) সাথী এস এম আলম হোসেন। তিনি কিশোরগঞ্জ সদর থানার গাইটাল গ্রামের এস এম মোক্তার হোসেনের ছেলে ও আলমি শুরার কিশোরগঞ্জ জেলার সাথী।

শুক্রবার ভোরে পুলিশ ঢাকার উত্তরা থেকে মোয়াজ বিন নূরকে গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় এই মামলা হয়।

গ্রেফতার নূর ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থিদের মূখপাত্র হিসেবে পরিচিত ও জুবায়েরপন্থিদের দায়েরকৃত হত্যা মামলার ৫ নম্বর আসামি।

পুলিশ জানায়, টঙ্গী ইজতেমা মাঠে তিনজন নিহতের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে সাদপন্থিদের শীর্ষ মুরুব্বি ওয়াসিফুল ইসলামসহ ২৯ জনকে আসামি করা হয়। অজ্ঞাত শতশত আসামি।

 

প্রিন্ট করুন