Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৯, ২০২৪ , ৩:৪৩ অপরাহ্ণ

তিন ম্যাচ পর হাসল শান্তর ব্যাট, ছিটকে গেল সিলেট

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ফিরেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রত্যাবর্তনের ম্যাচে খেলেছিলেন ৮০ রানের এক ঝলমলে ইনিংস।

তবে এরপর টানা তিন ম্যাচে সেই অর্থে রান পাননি তিনি। অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন জাতীয় দলের এই অধিনায়ক। খেললেন ৭৮ রানের এক ইনিংস। জেতালেন দলকেও।

সিলেটে এদিন নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন শান্ত। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৪৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ইনিংস। যার সুবাদে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ১৮১ রানের পুঁজি পায় রাজশাহী।

১২৬ থেকে ১৪২—আসাদউজ্জামানের দাপুটে বোলিং আর শান্তর ‘কিপটে’ বোলিংয়ে মাত্র ১৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। শেষ পর্যন্ত দলটির ইনিংস থামে ৮ উইকেটে ১৫৫ রানে। ২৬ রানের জয়ে আসর শেষ করে রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর : রাজশাহী বিভাগ: ২০ ওভারে ১৮১/৮ (শান্ত ৭৮, সাব্বির ৩০, হাবিবুর ২৫; খালেদ ৩/২৪, ইবাদত ২/২৯, তোফায়েল ২/৩৫)।

সিলেট বিভাগ: ২০ ওভারে ১৫৫/৮ (জিশান ৬০, পিনাক ২৭, তোফায়েল ১৮; আসাদউজ্জামান ৪/২৪, কিবরিয়া ১/৮, সাব্বির ১/১৪, শান্ত ১/১৯)।

ফল: রাজশাহী বিভাগ ২৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন শান্ত।

প্রিন্ট করুন