সুশীল আচার্য্য,নেত্রকোনা প্রতিনিধিঃ২০০৪ সালের পহেলা এপ্রিল চট্টগ্রামে ইউরিয়া সার কারখানা ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস পাওয়ায় তার নিজ জেলা নেত্রকোণায় আনন্দ মিছিল হয়েছে।
গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লুৎফুজ্জামানের নির্বাচনী এলাকা নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) ছাড়াও জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এই আনন্দ মিছিল করেন।
রায় ঘোষণার পর পরই মদন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো ঘুরে মদন সরকারি হাজি আবদুল আজিজ খান ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে মিষ্টি মুখ করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি সভাপতি মো. নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হেলিম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মো. সাইফ আহমদ ছাত্রদলের সভাপতি এসএইচ পিপুল, সাধারণ সম্পাদক মো. শামীম হাসান প্রমুখ।