কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া খালের মিষ্টি পানি সকলের জন্য উম্মুক্ত ও ব্যবহার উপযোগি করার লক্ষে মানববন্ধন ও সভা করা হয়েছে।
আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কলাপাড়া প্রেসক্লাব’র সামনে ‘লতাচাপলী ইউনিয়নের খালসমূহের মিষ্টি পানি ব্যবহারে সচেতনকরণ ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটি’র আয়োজনে এবং সিবিও গোলাপ ও সিঁড়ির সহযোগিতায় এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। এতে লতাচাপলী ও ধুলাসার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে খাল উম্মুক্ত করনে বিভিন্ন শ্লোগানের স্টিকার ও প্লেকার্ড দেখা যায়।
পরে এ উপলক্ষে প্রেসক্লাব সম্মুখে এক সভা করা হয়। সভায় ‘গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, সংস্থার নির্বাহী পরিচালক আঃ রহিম, সিঁড়ির নির্বাহী পরিচালক চানচান, সচেতনকরণ ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটি’র মোসাঃ রিপা, মোঃ ওমর ফারুক, মোঃ কামাল, মোঃ হাবিবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইউসুব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ধুলাসার ইউনিয়নের কাচারী খাল, দাসখালী খাল, খেসারী খাল, বাদামখালী খাল, ধোরা খাল, এতাল বুনিয়ার খাল, ভাংগা খাল ও লতাচাপলী ইউনিয়নের সিক্রী খাল, ল²ী খাল, দিযারআমখোলা খাল, থঞ্জুপাড়া খাল ও তুলাতলী খাল উম্মুক্ত করে এ সকল খালের মিষ্টি পানি সবার জন্য ব্যবহার উপযোগি করতে হবে।
যাতে প্রান্তিক জনগোষ্ঠী কৃষি উৎপাদনের ক্ষেত্রে মিষ্টি পানি ব্যবহার করে অধিক ফলন ফলাতে সক্ষম হয়। এমনকি গবাদি পশু পালনসহ জনগণের সকল কাজে খালের মিষ্টি পানি ব্যবহার নিশ্চিত করতে সকল খাল উম্মুক্ত রাখতে হবে।