Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৭, ২০২৪ , ১২:১০ অপরাহ্ণ

চট্টগ্রামে আইনজীবি সাইফুল হত্যার আসামী রিপন দাস গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

চট্টগ্রাম ব‍্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : একে একে ধরা পড়ছে চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের আসামীরা। গত বুধবার দিবাগত রাতে মামলার প্রধান আসামী চন্দন দাস গ্রেফতার হয় ভৈরব রেলস্টেশন থেকে।

একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন দাস নামে আরেক যুবককে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে গ্রেফতারকৃত দুই আসামির মধ্যে চন্দন দাসের ৭ দিন ও অপর আসামি রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।দুই আসামিকে আদালতে তোলায় কড়া নিরাপত্তা ছিলো আদালত প্রাঙ্গণে।

গত শুক্রবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় আইনজীবি আলিফ হত্যা মামলার প্রধান আসামী চন্দন দাস ও অপর আসামী রিপন দাসকে। পুলিশের পাশাপাশি আদালত চত্বরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে সেনাবাহিনী।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে পুলিশ গ্রেফতারকৃত দুই আসামীকে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে চন্দন দাসের ৭ দিন ও রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের আদালতে আনা হলে সহকর্মী হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ করে চট্টগ্রাম আদালতের আইনজীবিরা। তারা ন্যাক্কারজনক এ হত্যাকান্ডের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবী জানান।এ নিয়ে আইনজীবি অরিফ হত্যা মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরন মঞ্চের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা আইনশৃঙ্খলাবাহিনীর উপর হামলা ও ভাংচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা।

এ হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

প্রিন্ট করুন