দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দুমকিতে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের পূর্ব শত্রুতার জেরে মো. জাফর মীরা (৫৫) নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে বশির উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল আকন মাস্টারের বিরুদ্ধে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাফর মীরাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আমিনুল আকনের মা আম্বিয়া খাতুন প্রায় দুথমাস আগে তাকে নিয়ে গালাগালির বিষয়ে জানতে ভুক্তভোগী জাফর মীরার কাছে যান। ঝগড়াঝাঁটির একপর্যায়ে আম্বিয়ার ছেলে আমিনুল আকন অতর্কিত হামলা চালিয়ে জাফর মীরাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে। ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় জাফর মীরাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমিনুল মাস্টার বলেন, আমরা মা আর জাফর মীরা সম্পর্কে আপন ফুপু। গালাগালির বিষয়ে জানতে জাফর মীরার কাছে আমার মা গেলে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে আমার ঘরের সামনের বারান্দায় উঠে আসে এবং ঘরে হামলা চালায়। তবে রক্তাক্ত জখমের বিষয়ে জানতে চাইলে তেমন সদুত্তর দিতে পরেন নি তিনি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিউর রহমান বুধবার (৪ নভেম্বর) দুপুরে আলোর সময়কে বলেন, বিষয়টি আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়ার কথা রয়েছে। তদন্ত সাপেক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত. ফজলে করিমের ছেলে আমিনুল আকন ও জাফর মীরা পরিবারের সাথে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।