সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃনেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসায় এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল ১১টায় ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম এ খায়ের, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান খান পাঠান (বাবুল), যুগ্ম আহবায়ক মো. সাইদুর ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হকসহ বিএনপি’র সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল থেকেই ভীড় করতে থাকেন চিকিৎসা নিতে আসা প্রার্থীরা। দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় ২ হাজার ৫০০জন রোগী রেজিস্ট্রেশন করেন। এসময় রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ সরবরাহ করা হয়। এমন আয়োজনে খুশি উপজেলার সাধারণ মানুষ।