আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হ-ত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণেই প্রথম জানাজা এবং জমিউত-উল-ফালাহে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
বেলা সাড়ে ১১টায় জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ ছাত্র আন্দোলনের হাজারও শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় জনসমুদ্রে পরিণত হয় পুরো চট্টগ্রাম নগরী। এ সময় দূর-দূরান্ত থেকে লাখো মানুষকে আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় শরিক হতে আসতে দেখা যায়।
জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা।
উল্লেখ্য, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনার মধ্যেই হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে।