নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শেষে আলুচাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। বিঘাপ্রতি আলু চাষে খরচ হয় ১৩-১৫হাজার টাকা। সেই হিসাবে নায্যমূল্য পেলে লাভবান হবেন আলু চাষীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘বছরের পর বছর যেসব জমি পড়ে থাকতো কৃষি বিভাগের সহযোগিতায় কয়েক বছর থেকে সেসব জমিতে আলুচাষ করে বিপ্লব ঘটিয়েছেন কৃষকরা।
এখন আর কেউই আমন ধান কাটার পর তাদের জমি ফেলে রাখেন না। বরং আলু চাষ করে তুলনামূলক লাভবান হচ্ছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন গ্রামে চলছে আলু রোপণ, ফলন ভালো হলে বিঘাপ্রতি ৬০-৭০ মণ আলু পাওয়া যায়। জমিতে উচ্চ ফলনশীল (উফশী), ষাটাল ইত্যাদি জাতের আলু চাষ করছেন কৃষকরা।
উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে আলু রোপণ চলছে, লক্ষ্যমাত্রার অধিক জমিতে আলুচাষ হবে বলে প্রত্যাশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।