দুর্নীতি মামলা থেকে খালাস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন | Daily AjKaler Kontho

দুর্নীতি মামলা থেকে খালাস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন
দুর্নীতি মামলা থেকে খালাস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছে ঢাকার একটি আদালত।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর আলতাফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

তদন্তের পর কমিশন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শালের বিরুদ্ধে ২ কোটি ৫৬ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ৫৯ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনে।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলতাফ হোসেনের উপস্থিতিতে তাকে খালাসের আদেশ দেন।

আদেশের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, তাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছিল এবং আদালত তাকে ন্যায়বিচার দিয়েছেন।