আজকালের কন্ঠ ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বুধবার (১৩ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে, গত ৭ নভেম্বর স্বর্ণের দাম কমায় বাজুস। যা ৮ নভেম্বর থেকে কার্যকর হয়, ওই দামে এতোদিন স্বর্ণ কেনাবেচা হয়েছে। গত ৪ নভেম্বরও এক দফা স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।
গত মঙ্গলবার পর্যন্ত বাজারে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ও সনাতনপদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে আগামীকাল বুধবার থেকে ২২ ক্যারেটে ভরিপ্রতি ২ হাজার ৫১৯ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৪০৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৬৫ টাকা এবং সনাতনপদ্ধতির সোনায় ১ হাজার ৭৪৯ টাকা দাম কমবে।