Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৪ , ১২:১৪ অপরাহ্ণ

জনগণের প্রত্যাশা পূরণে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই – আমীর খসরু

লেখকঃ আজকালের কণ্ঠ

জাহেদ কায়সার, চট্টগ্রাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবার আকাঙ্খায় অপেক্ষা করছে, তারা ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে, তারা নির্বাচিত সংসদ, সরকার গঠনের জন্য অপেক্ষা করছে, যে নির্বাচিত সংসদ ও সরকার জনগণের কাছে জবাব দেয়ার জন্য দায়বদ্ধ থাকবে।

অন্য কোনো সরকার দায়বদ্ধ থাকবে না। কারণ, তাদের তো জনগণের কাছে যেতে হবে না, বিএনপিকে যেতে হবে। যারা রাজনীতি করে তাদের যেতে হবে। সুতরাং জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে বাংলাদেশে অতিস্বত্তর একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই , তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করতে হবে, সরকার নির্বাচিত করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবি পরিষদের আলোচনা সভা, পেশাজীবি সমাবেশ ও নবনির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী ও এ্যাব চট্টগ্রাম বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সংবর্ধিত অতিথি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা বিভিন্ন সংস্কারে কথা শুনছি , নির্বাচনী সংস্কারের কথা শুনছি না। একটা কমিশন গঠন করেছে, আমরা খুশি হয়েছি। ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে, আমরা অপেক্ষা করছি। আমরাও কিন্তু নির্বাচনী সংস্কারের জন্য সবকিছু তৈরি করে রেখেছি। আমাদের সংস্কার তো আজকের না, বাংলাদেশ আগামীদিনে কি হবে, সেটা নিয়ে আমরা বহুদিন ধরে কাজ করছি।

আমাদের ৩১ দফার মধ্যে আমরা পরিস্কারভাবে বলেছি। সংস্কারের কথা বলছেন ? দেশনেত্রী ছয় বছর আগে ভিশন টুয়েন্টি-থার্টিতে সংস্কারের কথা বলেননি ? তখন তো কারও মুখে সংস্কারের কথা শুনিনি। কারণ, দেশনেত্রী অনুধাবন করতে পেরেছিলেন, আগামীদিনের বাংলাদেশ কেমন হবে সেটা ছয় বছর আগে উনি উনার ভিশনের মধ্যে সেটা পরিস্কার করেছিলেন ছয় বছর আগে।

তিনি সবার অধিকার সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে। কারণ আমরা তো অধিকারের জন্য লড়াই করেছি, জীবন দিয়েছি, জেলে গিয়েছি। সেই অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই। তাই দ্রুত নির্বাচন দিরে জনগণের ভোটাধিকার ফিরেই দিতে হবে।

আর এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বাতিল করতে হবে , কারণ একমাত্র নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে বাতিল করা সবচেয়ে সহজ হবে, এবং সেই বাতিল হবে স্থায়ী বাতিল, অন্য বাতিল কিন্তু কাজে আসবে না। অন্য ধরনের বাতিলে গেলে সে বাতিল সাময়িক কাজ করবে তবে দীর্ঘমেয়াদি হবে না। আওয়ামী লীগকে জনগণ যখন বাতিল করবে সেটিই হচ্ছে আসল বাতিল। আমাদের ওই দিকে যেতে হবে।

অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। তাছাড়া ৭ নভেম্বর, ১৯৭৫ ও জুলাই বিপ্লব ২০২৪ এর উপর নির্মিত ডকুমেন্টরী শর্টফিল্ম প্রদর্শনী করা হয়।

প্রিন্ট করুন