চট্টগ্রাম প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৭ বছর আগের অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে তাকে আনা হয়। ঐ মামলায় আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) চট্টগ্রাম বিভাগীয় মোঃ মুফিজ উদ্দিন। তাকে ২০০৮ সালের দুদকের একটি মামলায় আদালতে আনা হয় বলে জানান তিনি।
বাদীপক্ষের আইনজীবী এড. রফিক জনান, এটি ২০০৮ সালের মামলা। তিনি তখন পৌরসভার দায়িত্বে ছিলে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। আজ সাক্ষীগ্রহণের দিন ছিল। দুদকপক্ষে দুইজন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়।
দুদক সূত্র জানায়, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরের বছর তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার সময় আবদুর রহমান বদি টেকনাফ পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন।