Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৬, ২০২৪ , ৮:২৫ অপরাহ্ণ

শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না: সারজিস আলম

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক :  জুলাই বিপ্লবের গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে এর চেয়ে বেশি রক্তপাত ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আগামী দিনে সেখানে এর চেয়ে আরও বড় অভ্যুত্থান হবে ও বেশি রক্তপাত ঘটবে।

শনিবার রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমন্বয়ক সারজিস আলম বলেন, যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে ছাত্র আন্দোলনে আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না। অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না।

সারজিস আলম বলেন, বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যারা তাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং যারা সংসদ সদস্যের চেয়ারে বসে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারা যে দলেরই হোক না কেন সবাই ফ্যাসিবাদের দোসর।

এর আগে সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে পীরগঞ্জের বাবনপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম। বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন সারজিস আলম।

 

প্রিন্ট করুন