সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোনা পৌর ছাত্রদলের আহবায়ক জুনু খান মিল্কি (৩২) ও তার সহযোগীসহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত পণ্যের মধ্যে ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন, তিন বস্তা পেঁয়াজ এবং সন্ত্রাসীদের ব্যবহারকৃত দুটি মোটরসাইকেল। আটকৃতদের অন্য একজন হলেন- বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরন (৩০)।
রাজশাহী থেকে মালামাল নিয়ে আসা ট্রাকচালক মো. হোসেন আলী বলেন, রাতে ট্রাকে করে গুড়, পেঁয়াজ ও রসুন নিয়ে নেত্রকোনা পৌর শহরের অজহর রোড এলাকায় মঙ্গলবার আমরা ভোরবেলায় পৌঁছায়। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র দেখিয়ে চাঁদা আমাদের কাছে দাবি করে। বিষয়টি ফোনে পণ্যের মালিককে জানানোর পর সেনাবাহিনীকে অবহিত করেন, পর সেনা সদস্যরা এসে দুজনকে আটক করতে সক্ষম হন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কাজী শাহনেওয়াজ জানান, মামলা দায়েরের কাজ শেষ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।