Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৫, ২০২৪ , ৪:০২ অপরাহ্ণ

আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

লেখকঃ আজকালের কণ্ঠ

ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে দেশে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) মাধ্যমে নাফ নদীর সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত আনা হয়।

বিজিবির সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের নুনিয়াছড়া ফিশারি ঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলারে করে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ৫ অক্টোবর সন্ধ্যায় সশস্ত্র ডাকাতদল তাদের ওপর আক্রমণ করে এবং মারধর করে জেলেদেরকে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। ৭ অক্টোবর ভোরবেলা তাদেরকে মায়ানমারের একটি চরে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

জেলেরা মায়ানমারের সাধারণ জনগণের মাধ্যমে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে এবং স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর ১৩ অক্টোবর বিষয়টি বিজিবিকে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে বিজিবি মায়ানমার আরাকান আর্মির সাথে সমন্বয় করে ১৪ অক্টোবর সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে ১৬ জন জেলেকে বাংলাদেশে ফেরত আনে।

ফেরত আনা জেলেরা হলেন: মো. ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২), এবং মো. জয়নাল (৫৫)।

বিজিবি জেলেদের তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

প্রিন্ট করুন