Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১০, ২০২৪ , ৯:৩৫ অপরাহ্ণ

ইউনিস-মিয়াঁদাদের রেকর্ডে ভাগ বসালেন জো রুট

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের কাতারে নাম লেখালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট।

অজ বৃহস্পতিবার ক্যারিয়ারের ৬ষ্ঠ ডাবল সেঞ্চুরিতে স্বাগতিক দেশেরই সাবেক ব্যাটার জাভেদ মিয়াঁদাদ এবং ইউনিস খানের রেকর্ডে ভাগ বসান তিনি।

মুলতানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন রুট। যা তাকে ৬টি করে ডাবল সেঞ্চুরি হাঁকানো খেলোয়াড়দের একটি বিশেষ দলে অন্তর্ভুক্ত করেছে।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক তার এই ইনিংসের মাধ্যমে রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার এবং পাকিস্তানের জহির আব্বাসের মতো কিংবদন্তিকে অতিক্রম করেছেন। যা তাকে আধুনিক ক্রিকেটের একজন বড় মাপের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রুট এখন কেন উইলিয়ামসন, বিরেন্দর শেহবাগ, ইউনিস খান এবং জাভেদ মিয়াঁদাদের মতো খেলোয়াড়দের কাতারে শামিল হয়েছেন। যারা প্রত্যেকেই বিশ্ব ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে ৬টি করে ডাবল সেঞ্চুরি করেছেন।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তী স্যার ডন ব্র্যাডম্যান। যার রয়েছে অবিশ্বাস্য ১২টি ডাবল সেঞ্চুরি। এর পর আছেন ১১টি ডাবল সেঞ্চুরি হাঁকানো সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবং ৯টি ডাবল সেঞ্চুরি হাঁকানো ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারা।

প্রিন্ট করুন