Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩, ২০২৪ , ১২:২১ অপরাহ্ণ

ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঢাকাসহ সারা দেশে আজও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি সকালেও থামছে না। মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

প্রিন্ট করুন