ফারুকুর রাহমান, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকায় তাহমিনা আক্তার (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডাঙ্গরপাড়া রাস্তার উপর হতে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুটি হলো, টেকনাফের ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থী তাহমিনা আক্তার সাবরাং ৮ নম্বর ওয়ার্ডের ডাঙ্গরপাড়া এলাকার মো. জলিলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন।
এদিকে স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকাল ৯টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে যায় তাহমিনা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করলে, ১১ ঘণ্টা পর রাত ৮ টার দিকে কয়েকজন যুবক শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া লালুর বাড়ির সামনে বস্তা দেখলে প্রথমে ভয় পায়। তারপর সেটি লাশ বলে শনাক্ত করে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবার সূত্রে ওসি বলেন, নিহত তাহমিনা আক্তার শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় এরশাদুল কোরআন ফোরকানিয়া মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে, পরে নির্দিষ্ট সময়ে বাড়ি না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ।
পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া রাস্তার উপর বস্তাবন্দি অবস্থায় তার লাশের খুঁজ পান স্থানীয়রা। পরবর্তীতে এ ঘটনার খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাহমিনা আক্তারকে শ্বাসরুদ্ধ করে হত্যার করা হয়েছে।
এ বিষয়ে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানায়।