আজকালের কন্ঠ ডেস্ক : যশোরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় আলোচনার সময় মো. আজাহারুল ইসলাম বলেন, সমালোচনা করবেন, সমালোচনাকে সাদরে গ্রহণ করব। সমালোচনার মাধ্যমে যশোরের যদি কিছু উপকার হয় ইনশাআল্লাহ সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে যশোর জেলা প্রশাসকের কার্যালয় ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, আপনাদের সঙ্গে পরিচয় পর্বের মাধ্যমে যশোর সম্পর্কে জানলাম।
তিনি জুলাই ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, আপনাদের একটা বিষয় খেয়াল আছে কিনা, জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল। ৩১ জুলাইয়ের পর ছাত্রদের পক্ষ থেকে পরবর্তী তারিখ গণনা করা হচ্ছিল ৩২ জুলাই, ৩৩ জুলাই। এভাবে ৩৬ জুলাই চূড়ান্ত দিন পর্যন্ত গণনা করা হচ্ছিল। আপনাদের কাছে প্রশ্ন জাগেনি এটা কি ধরনের তারিখ? যতক্ষণ না স্বাধীনতা আসবে ততক্ষণ জুলাই মাস শেষ হবে না। এমনটাই ছিল ছাত্রদের কথা।
তিনি বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে সাংবাদিকরাও জীবন দিয়েছেন। অর্জিত এই স্বাধীনতার মাধ্যমে সাংবাদিকদেরও স্বাধীনতা এসেছে।
নবাগত ডিসি বলেন, বিগত সময়ের সাংবাদিকতা নৈতিকতা, এথিকাল এবং প্রিন্সিপালের জায়গায় ছিল না। আমরা আশা করি সাংবাদিকতার সঠিক জায়গা থেকে সাংবাদিকতা আসবে।
মতবিনিময় সভায় যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা এবং ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অন লাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া মতামত ব্যক্ত করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা প্রমুখ। বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে মতবিনিময় সভা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সভার শুরুতে জুলাই গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য গত ১২ সেপ্টম্বর তিনি যশোরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।