Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪ , ৬:০৯ অপরাহ্ণ

বারহাট্টা উপজেলার সাবেক আ. লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকায় গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টার সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করার অভিযোগে ঢাকার কল্যাণপুর থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বিগত ৪ আগস্ট খায়রুল কবির খোকনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলার মাইল্যাব ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট ও ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর করে ত্রাস সৃষ্টি করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল বের করলে খোকন ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন।

এ ঘটনায় মো. আশিক মিয়া বাদী হয়ে গত ১৯ আগস্ট নেত্রকোনার বারহাট্টা থানায় মামলা করেন। এজাহার নামীয় আসামিরা গ্রেপ্তার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক। আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৪, সদর কোম্পানি অভিযান চালিয়ে আজ কল্যাণপুর থেকে আসামি খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি খায়রুল কবির খোকন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হবে।

 

প্রিন্ট করুন