Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৯, ২০২৪ , ১২:৪৮ অপরাহ্ণ

নেত্রকোনার দুর্গাপুরে প্রতারকে ধরে থানায় দিলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বাড়ি ও টিউবওয়েল পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা উত্তোলন করেন রহিমা আক্তার। এরপর থেকে গা-ঢাকা দেন তিনি। দুই বছর আগে পৌর শহরে দেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আয়া পোস্টে চাকরি নেন তিনি।

তবে নানা অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। চাকরি হারানোর পর গত কয়েক বছর ধরে স্কুলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাকরি ও বিভিন্ন ভাতার নাম করে অর্থ আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ করেন আসছেন স্থানীয়রা।

এদিকে এই প্রতারককে ধরতে সকাল থেকেই দুর্গাপুর পৌরসভার বিভিন্ন স্থানে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ভুক্তভোগীরা। দুপুরের দিকে সাধুপাড়া এলাকায় দেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী মমতা বেগম বলেন, পানির মোটর দেয়ার কথা বলে আমার কাছ থেকে তিন বছর আগে ১৩ হাজার টাকা নিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই তার পেছনে ঘুরছি। আজ দেবে, কাল দেবে করে আমাদের ঘুরাচ্ছে। মোটর দেয় না, টাকাও দেয় না। এছাড়াও বিরিশিরি এলাকা থেকে বিভিন্নজনের কাছ থেকে মাতৃকালীন ও বিধবা ভাতা দেয়ার নাম করে ৫ থেকে ১০ হাজার টাকা করেও নিয়েছেন এই নারী।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, স্থানীয়রা রহিমা আক্তার নামে এক নারীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন