Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৮, ২০২৪ , ২:৫৮ অপরাহ্ণ

কোনাবাড়ীতে কলেজ ছাত্রকে অস্ত্র ঠেকিয়ে গুলি চালানে পুলিশ সদস্য আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক – গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে কলেজ ছাত্র মোঃ হৃদয় নিহতের ঘটনায় শিল্প পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। কনস্টেবল মোঃ আকরাম হোসেনকে ৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে কোনাবাড়ী থানা পুলিশ।

নিহত হৃদয় (২০) টাঙ্গাইল জেলার গোপালপুর থানার আলমগর এলাকার লাল মিয়ার ছেলে। লেখাপড়ার পাশাপাশি, জীবিকা নির্বাহের জন্য তিনি কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালাতেন।

গ্রেফতারকৃত কনস্টেবল মোঃ আকরাম হোসেন (২২) কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বরুহা গ্রামের শওকত হোসেনের ছেলে। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।

গত, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে হৃদয়ের মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় নিহত হৃদয়ের ফুফাতো ভাই মোঃ ইব্রাহীম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় ৫৭ জনকে আসামি ৩০০জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও আসামি করা হয় স্থানীয় কয়েকজন সাংবাদিকের নামে,

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য হৃদয়কে প্রহার করার পর একজন পুলিশ সদস্য তাকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গুলিতে হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।মৃত্যু নিশ্চিত হওয়ার পরে চারজন পুলিশ সদস্য নিহত হৃদয়ের চার হাত পা ধরে টেনে হিঁচড়ে থানার দিকে নিয়ে যায়। নিহত হৃদয়ের লাশ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিহত হৃদয়ের স্বজনরা।

প্রিন্ট করুন