Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩০, ২০২৪ , ২:৪১ অপরাহ্ণ

ইসলামাবাদে ৮ সেপ্টেম্বর সমাবেশ করতে অনড় ইমরান খান

লেখকঃ আজকালের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক ধরপাকড়, কার্যালয়ে পুলিশি তল্লাশি, শীর্ষনেতাদের আত্মগোপনে ছত্রভঙ্গ অবস্থায় তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কিন্তু এরপরও আগামী ৮ সেপ্টেম্বরের ঘোষিত সমাবেশ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা জেলবন্দি ইমরান খান।

দেশের জনগণকে ৮ সেপ্টেম্বর ইসলামাবাদে দলের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান। একইসঙ্গে সমাবেশে যোগদানে কোনো বাধা আসলে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার আদিয়ালা জেলের অভ্যন্তরে দুর্নীতির মামলার শুনানির সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ইমরান। আলাপকালে সন্ত্রাসবাদের নিন্দা করে ইমরান বলেছেন, এটি দেশের ক্ষতি করছে।

ইমরান জানিয়েছেন, ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশ নির্ধারিত সূচি অনুযায়ী হবে।

তিনি বলেন, ‘এখন ৮ সেপ্টেম্বর ইসলামাবাদে সমাবেশ হবে। আমি সমগ্র জাতিকে ৮ সেপ্টেম্বর বের হয়ে আসতে বলছি। সেদিন কোনো ধরনের বাধা বরদাস্ত করবেন না।’
কয়েকদিন ধরে পাকিস্তানের গণমাধ্যমে বলা হচ্ছিল, আত্মগোপনে থাকা শীর্ষনেতাদের জনসমক্ষে বের হওয়ার নির্দেশ দিয়েছেন ইমরান খান। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় এখনই প্রকাশ্যে না আসতে পরামর্শ দিয়েছেন তিনি।

ইমরান বলেন, ‘আগোপনে থাকা নেতাদের এখনও বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের লোকজন বের হলে তাদের তুলে নেওয়া হবে। আমরা জেলের ভয় পাই না, কিন্তু সমস্যা হল আমাদের লোকজনকে অপহরণ করা হচ্ছে।’

ক্ষমতাচ্যুত হয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন ইমরান খান।এরপরও বর্তমান ক্ষমতাসীন জোট এবং ক্ষমতাধর সেনাবাহিনী কাছে নতি স্বীকার করেননি তিনি।কারাগার থেকেই ইমরান আইনজীবী, পরিবারের সদস্য এবং সাংবাদিকদের মাধ্যমে বার্তা পাঠিয়ে যাচ্ছেন। বর্তমানে পাকিস্তানের রাজনীতিতে সবার আলোচনার কেন্দ্রবিন্দু ৮ সেপ্টেম্বর পিটিআইয়ের সমাবেশকে ঘিরে।

পিটিআই ক্ষমতা হারানোর পর অনেকে মনে করেছিলেন, পাকিস্তানের রাজনীতিতে ফুরিয়ে যেতে পারেন ইমরান। কিন্তু এ ধারণা মিথ্যা প্রমাণ করে শেহবাজ শরীফ সরকারের অস্বস্তি হয়ে দাঁড়িয়েছেন তিনি। দলের উপর ক্র্যাকডাউন চললেও হার না মানা মানসিকতা জিইয়ে রেখেছেন শেষ বল পর্যন্ত লড়ে যাওয়া পাকিস্তানের ‘৯২ বিশ্বকাপ জয়ের নায়ক ইমরান খান।

 

প্রিন্ট করুন