দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে: মান্না | Daily AjKaler Kontho

দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে: মান্না


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৪, ২:২৯ অপরাহ্ন
দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে: মান্না

আজকালের কন্ঠ ডেস্ক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের সৌভাগ্য যে- আয়নাঘর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন। কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেননি। কেবল ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন স্থানে ‘আয়নাঘর’ রয়েছে।

আাজ শুক্রবার (৩০ আগস্ট) জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘মায়ের ডাক’ আয়োজিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার ও নিখোঁজ হওয়াদের স্বজনরা মানববন্ধন করেন। গুম হওয়া ব্যক্তি যারা ফিরে এসেছেন তারা তাদের ভয়ংকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসময় ক্ষতিপূরণের দাবিও জানান তারা।

মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ আগস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে, এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করছেন। কিন্তু এমন সময়েও যদি স্বজনহারা ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পান, তাহলে সেই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে।