Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১৮, ২০২৪ , ৬:২২ অপরাহ্ণ

আফিফ-তানজিদরা অস্ট্রেলিয়ায় ফাইনালে হারলেন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : শিরোপার একদম কাছে গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশ হাই পারফরম্যান্স দলকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার দলঅ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আফিফ হোসেন-তানজিদ হাসান তামিমদের।

আজ রবিবার টপ এন্ড টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচে অ্যাডিলেডের কারছে আকবর আলীরা হেরেছেন ৩২ রানে। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৭০ রানের লক্ষ্য দেয় অ্যাডিলেড। জবাব দিতে নেমে বাংলাদেশ থামে ১৩৭ রানেই। ফলে সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়েই।

১৭০ রানের লক্ষ্যে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ৩২ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ ও জিশান আলম। ১৮ রান করে আউট হন জিশান। ইমন রান না পেলেও তানজিদের ব্যাটে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। ৭৩ রান তুলে ফেলে ওই ২ উইকেট হারিয়েই। তবে এরপরই যেন আকস্মিক এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশ ইনিংস।

৭৩ রানে তানজিদের উইকেটের মাধ্যমে পতন শুরু বাংলাদেশের। ২৯ বলে ২টি চারও ১ ছক্কায় ৩৫ রান করেছেন তিনি। ৯২ রান তুলতেই ৭ উইকেটে হারিয়ে বসে বাংলাদেশ। উইকেটে সেট হওয়ার আগেই ফিরে যান অধিনায়ক আকবর আলী ও শামীম হোসেন। সাতে নেমে ১৯ বলে ২১ রানের ইনিংস খেলেন মাহফুজুর রহমান রাব্বি। এরপর ব্যাটে আর কেউ চমক দেখাতে না পারলে নির্ধারিত ২০ ওভারের ১ বল বাকি থাকতেই ১৩৭ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি।

এর আগে টম ও’কনেলের ব্যাটে ১৬৯ রানের লড়াকু পুঁজি পায় অ্যাডিলেড। ৩৩ বলে ৫৩ রান করেন ও’কনেল। এছাড়া অধিনায়ক লিয়াম স্কটের ব্যাটে ৩০ (১৮ বলে) ও ছয়ে নামা রায়ান কিংয়ের ব্যাটে আসে ৩৫ (১৯ বলে) রান। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নেন সেমিফাইনালের ম্যাচসেরা রিপন মন্ডল। তবে ফাইনালে ৩৭ রান দিয়ে বেশ খরুচেই ছিলেন রিপন। রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি এবং আফিফ হোসেন ধ্রুব পান একটি করে উইকেট।

প্রিন্ট করুন