Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৯, ২০২৪ , ১২:৪১ পূর্বাহ্ণ

বাতিল হল টেইলর সুইফটের কনসার্ট

লেখকঃ আজকালের কণ্ঠ

অস্ট্রিয়ায় জঙ্গি হামলার আশঙ্কায় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্ট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এই শিল্পীর তিনটি কনসার্ট হওয়ার কথা ছিল।

সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, অস্ট্রিয়ায় আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে আয়োজিত টেইলর সুইফটের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক শোগুলো বাতিল করেছে। এক বিবৃতিতে কনসার্টটি বাতিলের কারণ হিসেবে আয়োজক প্রতিষ্ঠান জঙ্গি হামলার আশঙ্কার কথা জানায়।

বিবৃতিতে সংস্থাটি উল্লেখ করে, ‘সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পিত হামলার বিষয়টি আঁচ পাওয়ার পর বাধ্য হয়ে তিনটি শো বাতিল করা হচ্ছে। সিদ্ধান্তটি সবার নিরাপত্তার কথা চিন্তা করে নেওয়া হয়েছে।’

ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছিল, আইএসের প্রতি সহানুভূতিশীল এমন একজন ১৯ বছর বয়সী অস্ট্রিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। তার বাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে। অপর ব্যক্তিকে ভিয়েনায় গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৮ মার্চ থেকে টেইলর সুইফট ‘এরাস’ ট্যুরে অংশ নিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায় শো করে এখন ইউরোপে আছেন।

এই ‘এরাস’ ট্যুরের অংশ হিসেবে অস্ট্রিয়ায় শো করার কথা ছিল টেইলর সুইফটের। সেখানে প্রায় আড়াই লক্ষ ভক্তের সমাগম হওয়ার আশা করেছিল আয়োজক সংস্থা।

প্রিন্ট করুন