আজকালের কন্ঠ ডেস্ক : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অতিমাত্রায় সক্রিয় থাকায় সারাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আষাঢ়ের বিদায়ক্ষণে ঢাকায় ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত শনিবারও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (১২ জুলাই) আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এই বর্ষা মৌসুমে সর্বোচ্চ। এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২৭ মে ২২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়।আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ‘বর্ষা মৌসুমে এটা স্বাভাবিক বৃষ্টি, যা এ বছরে সর্বোচ্চ। গত ২৭ মে ২২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়, তবে সেটা ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে।’
তিনি বলেন, ‘শুক্রবার সকাল ৬টার পর থেকে বৃষ্টি শুরু হয়। প্রথম ৩ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টি হয়। এরপর বৃষ্টি আরও ভারী হয়ে পরবর্তী ৩ ঘণ্টায় অর্থাৎ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টার পরও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল, তবে তা সামান্য। শনিবারও রাজধানীতে ভারী বৃষ্টি হতে পারে। তবে দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই। রোববার থেকে আবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।’
আজ শুক্রবার (১২ জুলাই) সকালে রাজধানীর ২০টিরও বেশি সড়কে সরেজমিন ঘুরে দেখা গেছে, এসব সড়ক পানিতে ডুবে গেছে। এসব সড়কে চলাচলরত যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে অনেক গাড়ি বিকল হয়ে পড়েছে। সব মিলিয়ে বৃষ্টি, যানজট আর জলাবদ্ধতায় দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে।