
আজকালের কন্ঠ ডেস্ক : মানিকগঞ্জে মাকে হত্যার দায়ে মেয়েসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আসামিদের উপস্থিতিতে মানিকগঞ্জ জজকোর্টের সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন।
জানা যায়, ২০২০ সালের ২৩ জানুয়ারি মানিকগঞ্জ জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকার মাহামুদা আক্তার নিজবাড়িতে খুন হন। ওই ঘটনায় নিহতের স্বামী জহিরুল ইসলাম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শামীম আল মামুন তদন্ত শেষে নিহত মাহামুদা আক্তারের মেয়ে জুলেখা আক্তার জ্যোতি, তার প্রেমিক শফিউর রহমান নাঈম, তাদের ভাড়াটিয়া খুনি রাকিব হোসেন, মাহাফুজার রহমান ও নুর বক্সের বিরুদ্ধে ওই বছরের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
আসামি মাহাফুজার রহমান, শফিউর রহমান নাঈম, মো. রাকিব ও জুলেখা আক্তার জ্যোতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেয়ে জ্যোতি তার সঙ্গে নাঈমের প্রেমে বাধা দেওয়ায় মাকে বালিশচাপা দিয়ে খুন করার পরিকল্পনা করেন বলে জানান জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম।
আপনার মতামত লিখুন :