কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন | Daily AjKaler Kontho

কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২২, ১২:২২ অপরাহ্ন
কাজাখস্তানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন

অনলাইন ডেস্ক : কাজাখস্তানের রাজধানী নূর-সুলতানে মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাজধানী নূর-সুলতানে দেশটির সাবেক রাষ্ট্রপতি রসুলতান নাজারবায়েভ এ মসজিদটি মুসুল্লিদের জন্য খুলে দেন।

দেশটির সাবেক রাষ্ট্রপতি রসুলতান বলেন, এই পবিত্র দিনে আমরা কাজাখের রাজধানীতে সুন্দর মসজিদটি খুলে দিয়েছি। মসজিদটি শুধু রাজধানীর জন্যই নয়, সব মানুষের জন্য এবং মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি এই মসজিদটির নির্মাণ শুরু করেছিলাম।

সংবাদ সংস্থা কাজইনফরমের খবরে বলা হয়, এটি বিশ্বের ১০টি বৃহত্তম মসজিদের মধ্যে একটি, যেটিতে ২ লাখ ৩৫ হাজার মানুষের একসঙ্গে নামাজ আদায় করার সুযোগ রয়েছে। মসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর, যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার। চারকোণায় থাকা চারটি মিনারের উচ্চতা ১৩০ মিটার।

মসজিদটির প্রথম ও দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ, একটি কনফারেন্স হল, একটি টিভি স্টুডিওসহ অন্যান্য সুবিধা রয়েছে। তিন বছর আগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়।

আজকালের কন্ঠ /আর