তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জবি ছাত্রদল নেতা রুমির উদ্যোগে দোয়া ও ধর্মীয় সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জবি ছাত্রদল নেতা রুমির উদ্যোগে দোয়া ও ধর্মীয় সামগ্রী বিতরণ


জবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জবি ছাত্রদল নেতা রুমির উদ্যোগে দোয়া ও ধর্মীয় সামগ্রী বিতরণ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দোয়া মাহফিল ও ধর্মীয় সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) আসর নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মসজিদের মুসল্লিদের মাঝে জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান আসলাম বলেন, দেশনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমন একটি ধর্মীয় ও মানবিক উদ্যোগ গ্রহণ করায় মোঃ মোস্তাফিজুর রহমান রুমিকে ধন্যবাদ জানাই। রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়; রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানো। মসজিদের মুসল্লিদের মাঝে জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা অতীতের মতো আগামীতেও শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কর্মসূচির উদ্যোক্তা মোঃ মোস্তাফিজুর রহমান রুমি বলেন, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে মসজিদের মুসল্লিদের জন্য জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণের মাধ্যমে ধর্মীয় ও মানবিক দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে শিক্ষা, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের প্রত্যাশা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

আজকালের কন্ঠ/আর বি