
বরেন্দ্র অঞ্চলখ্যাত নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা রোপা-আমন ধান। ইতোমধ্যে অনেক কৃষক ধান কাটা শুরু করেছেন। এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে মাঠের অনেক জমিতে পাকা ধান নুয়ে পড়েছে। অন্যদিকে, যেসব কৃষক ধান কেটে রোদে শুকানোর জন্য জমিতে ছড়িয়ে রেখেছেন, সেসব ধানেও পানি জমে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে পাকা ধান ঘরে তোলা এবং রবি মৌসুমের শীতকালীন সবজি চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গত দুই দিনে উপজেলায় প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাঠে মাঠে সোনালি ধান পেকে উঠলেও বৃষ্টির কারণে ধান কাটা-মাড়াই এবং রবি মৌসুমের আগাম জাতের ফসল রোপণে প্রভাব পড়ার আশঙ্কা করছেন চাষিরা। বৃষ্টির সঙ্গে হিমেল বাতাসে জনপদে শীতের আমেজও অনুভূত হচ্ছে।
কৃষি বিভাগ বলছে, বৃষ্টিপাত বন্ধ হওয়ার পর রোদের দেখা মিললে পাকা ও কাটা ধানের তেমন ক্ষতি হবে না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর রাণীনগরের আটটি ইউনিয়নে ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। মিরাট, গোনা ও সদর ইউনিয়নের কিছু জমিতে বন্যার পানি থাকায় সেখানে ধান রোপণ করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি।
এ বছর রাণীনগরে রোপা-আমন ধানের ফলন ভালো হয়েছে এবং উৎপাদনও আশানুরূপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অসময়ের বৃষ্টিপাত কৃষকদের সেই আশায় কিছুটা শঙ্কা তৈরি করেছে। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শনিবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। বৃষ্টির কারণে সাধারণ মানুষও স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় জনজীবনে প্রভাব পড়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আরও এক থেকে দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের কৃষক আবুবক্কর সিদ্দিক জানান, তিনি প্রতি বছরই রোপা-আমন ধানের চাষ করেন। এ মৌসুমে প্রায় ১২ বিঘা জমিতে ধান চাষ করেছেন। ইতোমধ্যে কিছু জমির ধান কেটেছেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে পাকা ধানের কিছু অংশ জমিতে নুয়ে পড়েছে। রোদের অভাবে ধান কাটতে ও শুকাতে সমস্যায় পড়েছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বন্যাজনিত কারণে এ উপজেলায় লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম জমিতে ধান চাষ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠের কিছু পাকা ধান জমিতে নুয়ে পড়েছে। তবে বৃষ্টিপাত বন্ধ হওয়ার পর রোদের দেখা মিললে ধানের তেমন ক্ষতি হবে না বলে আশা করা হচ্ছে। গত দুই দিনে রাণীনগরে প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :