জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে শেষ হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক,চরম ভোগান্তিতে স্থানীয়রা | Daily AjKaler Kontho

জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে শেষ হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক,চরম ভোগান্তিতে স্থানীয়রা


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে শেষ হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক,চরম ভোগান্তিতে স্থানীয়রা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু হয়নি। জমি অধিগ্রহণ নিয়ে রেলওয়ে ও ব্যক্তিমালিকানার বিরোধে আটকে আছে নির্মাণকাজ। এতে স্থলবন্দরের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে পুরোনো রেলসেতুর দক্ষিণ পাশে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর নতুন সেতু নির্মাণ শুরু হয়। ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ সেতু ও সংযোগ সড়ক নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০২১ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণের জটিলতা, নকশা পরিবর্তন, করোনাকালীন স্থবিরতা ও নির্মাণকাজের ধীরগতিতে তা শেষ হয়নি। চার দফা মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রকল্প ব্যয়ও ৭ কোটি টাকা বেড়েছে।

এদিকে, পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় চলাচলে ভোগান্তি বাড়ছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাথরবোঝাই ট্রাকের চাপে পুরোনো সেতুর পূর্ব প্রান্তের স্টিলের একটি পাটাতন ভেঙে যায়। এতে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে প্রায় ছয় একর জমি অধিগ্রহণ প্রয়োজন। স্থানীয় কয়েকটি পরিবার জমিগুলোকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করছে। অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয় জমিগুলো রেলওয়ের মালিকানাধীন বলে দাবি করেছে। একই জমির মালিকানা নিয়ে দুই পক্ষের দাবির কারণে অধিগ্রহণ প্রক্রিয়া আটকে আছে। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে একাধিক বৈঠক হলেও সমাধান হয়নি।

জমির মালিকানা দাবি করা আব্দুল জলিল, আবেদ আলী, শফিকুল ইসলাম ও জাবেদ আলীসহ স্থানীয় কয়েকজন বলেন, “এই জমি আমাদের পৈতৃক সম্পত্তি। তিনটি রেকর্ড আমাদের নামে। অথচ রেলওয়ে জমিগুলো নিজেদের বলে দাবি করছে। প্রকৃত মূল্য না দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হলে আমরা কোথায় যাব? আমাদের মাথা গোঁজার ঠাঁই থাকবে না।”

সেতুর কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, “সেতুর ওপরের অংশ ও পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে। তবে পূর্ব প্রান্তের জমি অধিগ্রহণ জটিলতায় কাজ আটকে আছে। জমি বুঝে পেলে ছয় মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।”

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার জানান, সোনাহাট সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ সড়কের কাজ বাকি রয়েছে। অধিগ্রহণ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “জমির মালিকানা নিয়ে রেলওয়ের সঙ্গে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে তিনটি বৈঠক হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত শেষ করতে আমরা কাজ করছি।”

এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মনজুর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ/আর বি