
দেশব্যাপী ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, নড়াইলে বিএনপির দুই নেতাকর্মীকে হত্যাকাণ্ড এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :