ঝালাইয়ের পরই পুড়ে ছাই জলঢাকা-রংপুর রুটের নতুন বাস | Daily AjKaler Kontho

ঝালাইয়ের পরই পুড়ে ছাই জলঢাকা-রংপুর রুটের নতুন বাস


নীলফামারীর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ঝালাইয়ের পরই পুড়ে ছাই জলঢাকা-রংপুর রুটের নতুন বাস

নীলফামারীর জলঢাকা টু রংপুর রুটে চলাচলের জন্য সম্প্রতি কেনা একটি নতুন বাসে ওয়ার্কশপে দাঁড়িয়ে থাকা অবস্থায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে রংপুর টার্মিনাল সংলগ্ন মাছ আড়তের সামনের একটি ওয়ার্কশপে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সম্পূর্ণ বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘হৃদয়-তাহসিন’ নামের বাসটি জলঢাকা রুটে চলাচলের উপযোগী করতে কিছুদিন আগে কেনা হয়। গাড়িটিতে প্রয়োজনীয় কিছু কাজ ও ঝালাইয়ের জন্য বুধবার সকালে রংপুর টার্মিনাল সংলগ্ন মাছ আড়তের সামনের ওই ওয়ার্কশপে রাখা হয়েছিল।

‎বাসটির মালিক হৃদয় আহমেদ অভিযোগ করে বলেন, “জলঢাকা রুটে চালানোর জন্য আমি মাত্র দুদিন আগে বাসটি কিনেছি। গাড়িটি প্রস্তুত করার জন্য সকাল সাড়ে ১০টার দিকে ওয়ার্কশপে ঝালাইয়ের কাজ শেষ হয়। কাজ শেষে সেটি সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। কিন্তু দুপুর ২টার দিকে হঠাৎ করেই বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে।” এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা বলে দাবি করেন তিনি।

‎এদিকে, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে সম্পূর্ণ বাসটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

‎ঘটনার বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট সুলতানুল আরেফিন জানান, “ওয়ার্কশপের কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী, বাসটিতে ঝালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত নাশকতার কোনো সুনির্দিষ্ট আলামত পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে, তদন্তের পরেই আসল রহস্য উদঘাটিত হবে।”

আজকালের কন্ঠ/আর বি