মুরাদনগরে ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু | Daily AjKaler Kontho

মুরাদনগরে ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু


কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
মুরাদনগরে ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে বিয়ে হয় সুখিয়া বেগমের। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তারা আলাদা হয়ে যান।

তাদের সংসারে সুমাইয়া আক্তার নামে ৮ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকে মেয়ে সুমাইয়াকে নিজের কাছে রাখতে চাইছিলেন শরিফ মিয়া। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, কন্যাসন্তান সুমাইয়াকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আজকালের কন্ঠ/আর বি