নেত্রকোণায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের হাতে পরিচালনার দাবি,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান | Daily AjKaler Kontho

নেত্রকোণায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের হাতে পরিচালনার দাবি,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


সুশীল আচার্য্য,নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
নেত্রকোণায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের হাতে পরিচালনার দাবি,মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নেত্রকোণার আটপাড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চারিয়া-১ সেচ প্রকল্প সাধারণ কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন করেছেন কৃষক ও এলাকাবাসী। সেচ সুবিধার নামে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত পরিমাণ ধান আদায়ের অভিযোগ তুলে প্রকল্পটি কৃষকদের হাতে হস্তান্তর এবং সেচ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে আটপাড়া উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকেরা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে সেচ সুবিধা দেওয়ার বিনিময়ে প্রতি কাটা জমির জন্য ৩৫ কেজি করে ধান দিতে হতো। এতে কৃষকদের উৎপাদন খরচের পাশাপাশি বাড়তি আর্থিক ও ফসলের চাপ বহন করতে হতো। ফলে সেচ সুবিধা নিতে গিয়ে কৃষকদের ভোগান্তির শিকার হতে হয়েছে।

কৃষকেরা আরও বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী প্রতি কাটা জমির সেচ পরিচালনা ব্যয় ১৮০ থেকে ২০০ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে সেই নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থাপনা নিশ্চিত হচ্ছে না। এ পরিস্থিতির অবসানে সাধারণ কৃষকদের মধ্য থেকে ম্যানেজার নিয়োগ দিয়ে চারিয়া-১ সেচ প্রকল্প পরিচালনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে সেচ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, জামরুল ইসলাম, মাহবুব হোসেন মানিক, মো. মিলন মিয়া, মো. হায়দার মিয়া ও মো. জামাল মিয়া।

মানববন্ধন শেষে কৃষকদের দাবিগুলো বাস্তবায়নের জন্য আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন কৃষকরা

আজকালের কন্ঠ/আর বি