কুয়াকাটায় বৌদ্ধ বিহারের সভাপতিকে মারধরের অভিযোগ, পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা | Daily AjKaler Kontho

কুয়াকাটায় বৌদ্ধ বিহারের সভাপতিকে মারধরের অভিযোগ, পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা


কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
কুয়াকাটায় বৌদ্ধ বিহারের সভাপতিকে মারধরের অভিযোগ, পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা

পটুয়াখালীর কুয়াকাটার মিশ্রিপাড়ায় সীমা বৌদ্ধ বিহারের সীমানা নিয়ে বিরোধের জেরে বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বিহারটিতে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বিহার কর্তৃপক্ষ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিহার প্রাঙ্গণে রাখাইন সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার লোকজনের অংশগ্রহণে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

বিহার কর্তৃপক্ষের অভিযোগ, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিহারের সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মাণ করতে গেলে স্থানীয় শামসুল আলম ও নাসির হাওলাদার ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শামসুল আলম ও নাসির হাওলাদারসহ তাঁদের লোকজন বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর করেন।

বিহার সভাপতি মংলাচিন অভিযোগ করে বলেন, বিহারের সামনে থাকা দোকানগুলো থেকে সীমানার ভেতরে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছিল। বিহার এলাকার পরিবেশ রক্ষার জন্য মঙ্গলবার সকালে সেখানে একটি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় শামসুল আলম ও নাসির হাওলাদার জমির মালিকানা দাবি করে নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে তাঁকে চড়-থাপ্পড়সহ মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।

মংলাচিন আরও দাবি করেন, বিহারের সীমানাপ্রাচীরের ভেতরের কিছু জমি ভুলবশত বিএস জরিপে অন্যদের নামে রেকর্ড হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কাগজপত্র বিহারের নামে থাকা সত্ত্বেও বিএস জরিপের রেকর্ডকে কেন্দ্র করে শতবর্ষী এই বৌদ্ধ বিহারের জমি দখলের চেষ্টা চলছে।

এদিকে পটুয়াখালী জেলা রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার বলেন, রাখাইন সম্প্রদায়ের প্রার্থনালয় সীমা বৌদ্ধ বিহারের জমি দখলের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে বলে তাঁদের অভিযোগ। এর ধারাবাহিকতায় বিহার সভাপতির ওপর হামলার ঘটনা ঘটেছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিহারটিতে পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাসির হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, বিহার সভাপতিকে মারধর ও হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।