
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও সমাজসেবক জুলফিকার হায়দার। এ ছাড়া স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় বক্তারা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রমের সফল বাস্তবায়নে প্রকৃত সুবিধাভোগীদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়ন জরুরি। এ সময় তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখা এবং প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :