
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ছাড়া পিকআপটির বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে তল্লাশি চালিয়ে ৩৩টি জ্যামিতি বক্সে রাখা ১৮০টি প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শফিকুর রহমান এবং মায়ের নাম ফাতেমা খাতুন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :