
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগের হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদ জানান যবিপ্রবির ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে যবিপ্রবির খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সালেক খান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সারাদেশে হামলা ও নাশকতার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল যবিপ্রবি শাখা সবসময় সজাগ রয়েছে। আমরা চাই, ছাত্রলীগ এই ক্যাম্পাসে আর কোনোদিন অবস্থান করতে না পারে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যবিপ্রবিতে কমিটি দিয়েছে এবং ক্যাম্পাসে নাশকতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। আজকের অবস্থান কর্মসূচি থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যবিপ্রবিতে ছাত্রলীগের কোনো অপতৎপরতা বা নাশকতা চলতে দেওয়া হবে না।
এছাড়া কর্মসূচিতে ছাত্রদলপন্থী বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :