তারাগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি আজহারুল ইসলামের মতবিনিময় | Daily AjKaler Kontho

তারাগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি আজহারুল ইসলামের মতবিনিময়


মোঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
তারাগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি আজহারুল ইসলামের মতবিনিময়

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা করেছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

তারাগঞ্জে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্য এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, “এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। বদরগঞ্জ ও তারাগঞ্জের মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, সততার সাথে তার মর্যাদা রক্ষা করব। দল-মত নির্বিশেষে এই অঞ্চলের প্রতিটি মানুষের সুখ-দুঃখে আমি পাশে থাকতে চাই।” তিনি উপজেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় সাংবাদিকরা তারাগঞ্জের অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়নসহ বিভিন্ন স্থানীয় সমস্যা এমপির সামনে তুলে ধরেন। সংসদ সদস্য ধৈর্য সহকারে সবার বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি এবং তারাগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি