মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত | Daily AjKaler Kontho

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত


মিরসরাই প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন (৩৮) নামে এক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকার বাসিন্দা ছিলেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রোববার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক অটোরিকশাটিকে জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, নিয়মিত ডিউটির অংশ হিসেবে দুপুরে মোটরসাইকেলযোগে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাচ্ছিলেন আনসার কর্মকর্তা আলাউদ্দিন। পথিমধ্যে সড়কটির একটি অংশে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার এক আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, “ডিউটিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার কর্মকর্তা নিহত হয়েছেন। ঘাতক অটোরিকশাটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি