‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা কমিটি ঘোষণা, আহ্বায়ক শাহীন | Daily AjKaler Kontho

‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা কমিটি ঘোষণা, আহ্বায়ক শাহীন


মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা কমিটি ঘোষণা, আহ্বায়ক শাহীন

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে দিনাজপুর জেলা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জুলাই আন্দোলনের সম্মুখসারির গুলিবিদ্ধ আহত যোদ্ধা মো. শাহীনকে আহ্বায়ক এবং মো. মাসুম হোসেনকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবগঠিত আহ্বায়ক মো. শাহীন বলেন, জুলাই যোদ্ধাদের সংগঠিত করা, তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “সর্বপ্রথম আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য আবু জাফর মো. জাহিদ হোসেন, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির প্রতি।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে তিনি সকল সদস্যকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মো. শাহীন বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে প্রকৃত জুলাই যোদ্ধাদের তথ্য সংরক্ষণ, তাদের ন্যায্য দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং তাদের সামাজিক ও মানবিক সহায়তায় কাজ করা। আমরা কোনো বিভেদ নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দিনাজপুর জেলার জনপ্রতিনিধি, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার দিকনির্দেশনা ও সম্মিলিত প্রচেষ্টায় জুলাই যোদ্ধাদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক আল মিরাজ, নবগঠিত কমিটির সদস্য সচিব মো. মাসুম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি