গুচ্ছভর্তি পরীক্ষার্থীদের পাশে রাবিপ্রবি ছাত্রদল | Daily AjKaler Kontho

গুচ্ছভর্তি পরীক্ষার্থীদের পাশে রাবিপ্রবি ছাত্রদল


রাবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
গুচ্ছভর্তি পরীক্ষার্থীদের পাশে রাবিপ্রবি ছাত্রদল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছভুক্ত প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাবিপ্রবি ছাড়াও রাঙ্গামাটি জেলা শহরের আরও ৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাবিপ্রবিতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৮২৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬১.৭৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং বাকিরা অনুপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ সকল কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে তথ্য সহায়তা কেন্দ্র ও গুরুত্বপূর্ণ জিনিস রাখার ব্যবস্থা করা হয়। এছাড়াও নিরাপদ পানি, কলম ও বাস সার্ভিস প্রদান করা হয়।

পরীক্ষায় অংশ নিতে আসা এক শিক্ষার্থী বলেন, এখানে এসে হেল্প ডেস্ক থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তারা আমাদের পরীক্ষা কেন্দ্রের তথ্য দিয়েছে,পানি দিয়েছে এবং মোবাইলসহ প্রয়োজনীয় জিনিস রাখতে পেরেছি। এমন উদ্যোগ সত্যিই অনেক ভালো।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন অর্ণব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। রাবিপ্রবি ছাড়াও বাকি সবগুলো কেন্দ্রে হেল্প ডেস্কের মাধ্যমে তথ্য সহায়তা প্রদান, চট্রগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়া আসার জন্য বাস সার্ভিস, নিরাপদ পানি ও গুরুত্বপূর্ণ জিনিস রাখার ব্যবস্থা রেখেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সবাইকে সেবা দেওয়ার জন্য।’

আজকালের কন্ঠ/আর বি